অষ্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

0
অষ্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী নদীর তীর থেকে মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় শফিক মিয়া (৩১) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের সামনে কালনী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। 

নিহত শফিক মিয়া আব্দুল্লাহপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিক মিয়া বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। তার দুটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। মীমাংসার অংশ হিসেবে ভরণপোষণ বাবদ স্ত্রীকে ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

স্থানীয়দের দাবি, শফিকের কাছে ৪০ হাজার টাকা ছিল এবং বাকি ১০ হাজার টাকা জোগাড়ের চেষ্টা করছিলেন তিনি। টাকাগুলো সবসময় নিজের কাছেই রাখতেন। টাকার লোভে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here