অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জীর বাড়ির একটি অংশ ভাঙার জন্য নোটিস দিয়েছে কলকাতার পুরসভা।
সোমবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ দুটি নোটিস জারি করেছে, একটি অভিষেক ব্যানার্জীর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে, অপরটি তার মা লতা ব্যানার্জীর নামে।
নোটিসে অভিযোগ করা হয়েছে, হরিশ মুখার্জি রোডের ১৮৮এ নম্বরে অবস্থিত মি. ব্যানার্জীর বাসভবন ‘শান্তিনিকেতন’ এবং কালীঘাট রোডের ১২১ নম্বরে লতা ব্যানার্জীর নামের সম্পত্তিতে অনুমোদন ছাড়া অংশ বিশেষ নির্মাণ করা হয়েছে।
নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে অথবা কারণ দর্শাতে বলা হয়েছে। নির্দেশ না মানা হলে মিউনিসিপাল কমিশনার নিজে সেই অংশ ভাঙার উদ্যোগ নেবেন এবং এবং সেই খরচ বাড়ির মালিককে দিতে হবে বলে জানানো হয়েছে নোটিসে।
পাশাপাশি সাত দিনের মধ্যে বাড়িগুলির সম্পূর্ণ কাঠামোগত তথ্য ও ‘অ্যাজ-বিল্ট ড্রয়িং’ জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
