বিশ্বকাপে অভিষেকেই নকআউট পর্বে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছে ডিআর কঙ্গো। এবার সেই সাফল্য ধরে রাখতে দ্রুতই পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করার ঘোষণা দিয়েছেন দলটির কোচ সেবাস্টিয়ান দাসাবরাহ।
আটলান্টায় বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় নকআউট পর্বে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে কঙ্গো। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে গ্রুপ পর্বের উচ্ছ্বাসে না ভেসে দ্রুত প্রস্তুতিতে ফেরার কথা জানিয়েছেন কোচ।
দাসাবরাহ বলেন, ‘আমরা অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করব। আমাদের স্কোয়াডে এমন কয়েকজন খেলোয়াড় আছে যারা ইংলিশ লিগে খেলে। তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিতে পারবে।’
গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করে নকআউটে উঠেছে কঙ্গো। টুর্নামেন্টের শুরুতে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আত্মবিশ্বাসী সূচনা করে তারা। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারলেও শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে ‘সেরা তৃতীয় দল’ হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করে আফ্রিকান দলটি।
নকআউটে এবার তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা গ্রুপ ‘এল’ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে। দীর্ঘদিন বিশ্বকাপে শিরোপার খরা কাটাতে না পারা ইংল্যান্ড এবার টমাস টুখেলের অধীনে শক্তিশালী দল হিসেবেই বিবেচিত হচ্ছে।
তবে কঙ্গো শিবিরে ভরসা তাদের আক্রমণভাগে। দলের ফরোয়ার্ড ইয়োয়ান উইসা ইতিমধ্যে তিন গোল করেছেন, যার মধ্যে উজবেকিস্তানের বিপক্ষে এসেছে জোড়া গোল। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই ফরোয়ার্ড ছাড়াও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা দলে আছেন, যারা ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন বলে মনে করছেন কোচ।
দাসাবরাহ আরও বলেন,‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামব।’

