অনূর্ধ্ব-১৮ নারী ক্রিকেটারদের সিলেকশন ক্যাম্প শেষ হচ্ছে আজ

0

চট্টগ্রাম বিভাগের অনূর্ধ্ব-১৮ নারী ক্রিকেটারদের তিন দিনব্যাপী সিলেকশন ক্যাম্প শেষ হ চ্ছে আজ মঙ্গলবার। ক্যাম্প শেষে ১৪ সদস্যের বিভাগীয় দল নির্বাচন করা হবে।

নগরের সাগরিকার বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন মাঠের এই ক্যাম্পে প্রশিক্ষণ ও বাছাইয়ে অংশ নিচ্ছে বিভিন্ন জেলা থেকে আসা ২৪ নারী ক্রিকেটার।

অনূর্ধ্ব-১৮ নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ ও বাছাইপর্ব দেখতে সিলেকশন ক্যাম্প পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান।

অনূর্ধ্ব-১৮ নারী ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, শুধু খেলাধুলায়ই নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রেই নারীদের এগিয়ে আসতে হবে, তাহলেই দেশ সত্যিকার অর্থে উন্নত ও সমৃদ্ধশালী হবে।

নারী ক্রিকেটারকে মাঠে সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে চট্টগ্রামের ক্রিকেটের মান সমুজ্জ্বল করার জন্য উৎসাহিত করেন তিনি।

এ সময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দীন, সদস্য শাহনেওয়াজ রিটনসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইতঃপূর্বে বাছাইকৃত ৩৩ অনূর্ধ্ব-১৮ নারী ক্রিকেটার নিয়ে গত রবিবার সাগরিকা বিভাগীয় স্টেডিয়াম অনুশীলন মাঠে শুরু হয় মূল বাছাই। সেখান থেকে প্রথম দফায় ২৪ নারীকে নির্বাচন করা হয়। আর ক্যাম্প শেষে ১৪ দলের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here