অনুশীলনে ফিরলেন সাকা, ফিটনেস নিয়ে সতর্ক কোচ

0
অনুশীলনে ফিরলেন সাকা, ফিটনেস নিয়ে সতর্ক কোচ

ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফিরিয়েছেন বুকায়ো সাকা। ইনজুরি নিয়ে শঙ্কা কাটিয়ে দলগত অনুশীলনে ফিরেছেন এই তারকা উইঙ্গার। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে মাত্র ১৮ মিনিট মাঠে ছিলেন সাকা। এরপর দলীয় অনুশীলনের বাইরে থেকে আলাদা সেশন করেন তিনি, যা তার ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। তবে রবিবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়ে সেই শঙ্কা অনেকটাই দূর করেছেন আর্সেনাল তারকা।

মৌসুমের শেষ দিকে আর্সেনালের হয়ে খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েছিলেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। যদিও বর্তমানে তিনি পুরোপুরি সুস্থতার পথে রয়েছেন, তারপরও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্বগুলো মাথায় রেখে তাকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে ইংল্যান্ড দল।

সাকার শারীরিক অবস্থা সম্পর্কে টুখেল বলেন, ‘সে অনুশীলনের একটি দিনও মিস করেনি, যা ইতিবাচক দিক। গত কয়েক বছরে সে প্রচুর ম্যাচ খেলেছে এবং সবাই জানে আর্সেনালের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। সে একজন বিশ্বমানের ফুটবলার, যে মাঠে নামলেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে।’

ইংলিশ কোচের মতে, দীর্ঘ টুর্নামেন্টে ছোটখাটো চোট ও শারীরিক সমস্যাগুলো সঠিকভাবে সামলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নকআউট পর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে সাকাকে শতভাগ ফিট রাখাই তাদের প্রধান লক্ষ্য।

টুখেল বলেন, ‘দলের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। টুর্নামেন্টের পরের দিকের ম্যাচগুলো মাথায় রেখে শুরুতেই এসব ছোটখাটো সমস্যা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। যখন দলের তাকে প্রয়োজন হবে, তখন যেন সে মাঠে নামার জন্য প্রস্তুত থাকে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সবকিছু বিবেচনায় নিয়ে আগামী ২৭ জুন পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নাও নিতে পারেন টুখেল। এর আগে গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ডের পরবর্তী প্রতিপক্ষ ঘানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here