অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ

0
অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে পানামার। তবে শেষ ম্যাচের আগে দলের অনুশীলনে দুই ফুটবলারের হাতাহাতির ঘটনা আলোচনায় এসেছে। তবু এটিকে নেতিবাচক নয়, বরং ইতিবাচক হিসেবেই দেখছেন পানামার কোচ থমাস ক্রিস্টিয়ানসেন।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের আগে অনুশীলনে সেসিলিও ওয়াটারম্যান ও হোসে লুইস রদ্রিগেসের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওয়াটারম্যান সতীর্থ রদ্রিগেসের বুকে ধাক্কা দেন। পরে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য খেলোয়াড়রা তাকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং দল অনুশীলন চালিয়ে যায়। যদিও ওয়াটারম্যানকে তখনও কিছুটা ক্ষুব্ধ দেখা যায়।

ঘটনার পর সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানসেন বলেন, এটি স্বাভাবিক একটি ঘটনা।

তিনি বলেন, ‘আমি বরং চাই এমন ঘটনা আরও কয়েকবার ঘটুক। এতে বোঝা যায় দলটি প্রাণবন্ত। সবাই সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত এবং প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য লড়াই করছে।’

তিনি আরও বলেন, ‘এমন ঘটনা আবারও ঘটলে সেটিও ভালো লক্ষণ হবে। এর অর্থ খেলোয়াড়দের মধ্যে জয়ের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে।’

চলমান বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই হেরে বিদায় নিশ্চিত হয়েছে পানামার। তবে ক্রোয়েশিয়া ও ঘানার বিপক্ষে দলটি লড়াকু পারফরম্যান্স উপহার দিয়েছে। ইএস্পিএন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here