‘অনলাইন জুয়ায়’ ১৫ দিনে ২২ লাখ টাকা খুঁইয়ে প্রবাসীর আত্মহত্যা

0
‘অনলাইন জুয়ায়’ ১৫ দিনে ২২ লাখ টাকা খুঁইয়ে প্রবাসীর আত্মহত্যা

অনলাইন জুয়ায় বিপুল পরিমাণ অর্থ হারিয়ে বিষণ্নতায় ভুগছিলেন প্রবাসী মেরাজুল ইসলাম (৪৪)। কিছুতেই স্বাভাবিক জীবনে ফিরতে পারছিলেন না। শেষ পর্যন্ত বিষাক্ত কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন তিনি।

বুধবার (২৪ জুন) বিকেলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মেরাজুল ওই এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৫ দিনে মেরাজুল ইসলাম অনলাইন জুয়ার নেশায় পড়ে প্রায় ২২ লাখ টাকা হারান। এত বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে তিনি মানসিক চাপে পড়েন। এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মঙ্গলবার বিষাক্ত কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাত ৯টায় আসাদপুর গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে স্থানীয় আসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল পাঠান বলেন, ‘অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে শোকে তিনি আত্মহত্যা করেছেন বলে লোকমুখে শুনেছি। তবে এর সত্যতা কতটুকু, তা নিশ্চিত করে বলতে পারছি না।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, লাশের ময়নাতদন্ত ঢাকায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

তিনি আরও জানান, নিহত মেরাজুল ও তার এক ছেলে প্রবাসে থাকতেন। বাবা-ছেলে দুইজনই দেশে ফিরে আসার পর তীব্র অর্থকষ্টে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে অনলাইন জুয়ায় সম্পৃক্ততার বিষয়টি ফেসবুকে আলোচনা হতে দেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here