অনলাইনে আর্থিক প্রতারণা : সতর্ক থাকতে বাংলাদেশ ব্যাংকের একগুচ্ছ নির্দেশনা

0
অনলাইনে আর্থিক প্রতারণা : সতর্ক থাকতে বাংলাদেশ ব্যাংকের একগুচ্ছ নির্দেশনা

অনলাইন আর্থিক প্রতারণা থেকে নিরাপদ থাকতে মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এক বার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, কিছু গ্রাহক হ্যাকিংয়ের মাধ্যমে অনলাইন ব্যাংকিংয়ে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা রোধে কয়েকটি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, কখনোই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড বা ওটিপি কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা, অজানা উৎস থেকে ফ্রি অ্যাপ ইনস্টল করা এবং অনলাইন জুয়া থেকে বিরত থাকতে হবে।
 
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ছড়ানো লাইসেন্সবিহীন অ্যাপ বা জামানতবিহীন অনলাইন ঋণ ও বিনিয়োগের প্রস্তাব গ্রহণ না করার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

কোনো প্রলোভনমূলক অফার যেমন লটারি বা পুরস্কারের প্রলোভন পেলে তা যাচাই ছাড়া বিশ্বাস না করতে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শও দেয়া হয়েছে।
 
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে অনলাইন প্রতারণার ফাঁদ থেকে নিজের অর্থ সুরক্ষিত রাখা যায় এবং অন্যদেরও সচেতন করা সম্ভব হয়।

ব্যাংকিং ও আর্থিক সেবা নিয়ে কোনো অভিযোগ বা হয়রানির ক্ষেত্রে ১৬২৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here