৮-০ গোলের জয়ে দলকে ফাইনালে তুলেও বহিষ্কার লুইস

0
৮-০ গোলের জয়ে দলকে ফাইনালে তুলেও বহিষ্কার লুইস

ফ্লামেঙ্গোর ইতিহাসের অন্যতম সফল কোচ হওয়ার মতো সবকিছুই করেছেন ফিলিপে লুইস। তার কোচিংয়ে একের পর এক শিরোপাও জিতেছে ফ্লামেঙ্গো। এমনকি শেষ ম্যাচে প্রতিপক্ষকে ৮-০ গোলে বিধ্বস্তও করে তারা। আর এমন কোচকেই কিনা বহিষ্কার করল ব্রাজিলের ক্লাবটি!

ফ্লামেঙ্গো থেকে বহিষ্কার হয়েছেন ফিলিপে লুইস। ব্রাজিলিয়ান ক্লাবটির কোচের অধীনে শেষ ক্যাম্পেওনাতো ক্যারেওকার সেমিফাইনালে মাদুরেইরাকে ৮-০ উড়িয়ে দেয় ফ্লামেঙ্গো। আর ফাইনালের ওঠার কয়েক ঘণ্টা পরই চাকরি হারান ৪০ বছর বয়সী কোচ।

ফিলিপেকে বহিষ্কার করার বিবৃতিতে ফ্লামেঙ্গো জানায়, ফিলিপে লুইস আর পেশাদার দলের দায়িত্বে থাকছেন না। তার সঙ্গে সহকারী কোচ ইভান পালাঙ্কো এবং ফিটনেস ট্রেনার দিয়োগো লিনহারেসও ক্লাব ছাড়ছেন।

ফ্লামঙ্গোতে ফিলিপের অবদানের ধন্যবাদ জানিয়ে ক্লাবটির পক্ষ থেকে আরও বল হয়, সাবেক খেলোয়াড় ও কোচ ফিলিপে লুইসকে এই যাত্রায় অর্জিত সাফল্য ও অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছে ফ্লামেঙ্গো। তার পেশাদার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য ক্লাব শুভকামনা জানাচ্ছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্লামেঙ্গোর দায়িত্ব নেন সাবেক চেলসি ও অ্যাতলেটিকো ডিফেন্ডার ফিলিপে লুইস। ক্লাবটির হয়ে ডাগ-আউটে ১০০ ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে ফ্লামেঙ্গোকে জিতিয়েছেন সাতটি শিরোপা— গড়ে প্রতি ১৪ ম্যাচে একটি করে ট্রফি।

তবে নতুন বছরে মুদ্রার উল্টো পিঠ দেখা শুরু করে ফ্লামেঙ্গো। ২০২৬ সালে টানা দুটি ফাইনালে হেরে যায় ফ্লামেঙ্গো। সুপার কোপ ব্রাজিল এবং রিকোপা সুদামেরিকানো টুর্নামেন্টে রানার্সআপ হয়।

সোমবার রাতে ক্যাম্পেওনাতো ক্যারেওকার সেমিফাইনালে দ্বিতীয় লেগে ৮-০ জয়ের মাধ্যমে মাদুরেইরার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১১-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে ফ্লামেঙ্গো। ফলে টানা তৃতীয়বারের মতো ক্যারিওকা শিরোপা জয়ের সুযোগ তৈরি হয় তাদের সামনে। রোববারের ফাইনালে প্রতিপক্ষ ফ্লামেনেন্সে। কিন্তু সেই ফাইনালে লুইস আর ডাগআউটে থাকবেন না। 

খেলোয়াড়ি জীবনে ২০১৫ সালে চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতেন লুইস ফিলিপে। কোচিং ক্যারিয়ারেও একের পর এক চমক দেখাতে থাকেন তিনি। ২০২৫ সালে তার অধীনেই ফ্লামেঙ্গো জেতে কোপা লিবার্তাদোরেস। এর আগে তিনি ২০১৯ ও ২০২২ সালে খেলোয়াড় হিসেবে ফ্লামেঙ্গোর হয়ে লিবার্তাদোরেস জিতেছিলেন।

এছাড়া ফিলিপের কোচিংয়ে ফ্লামেঙ্গো আরও জেতে ব্রাজিলিয়ান সিরি আ, কোপা দো ব্রাজিল, সুপারকোপা দো ব্রাজিল, ক্যাম্পেওনাতো কারিওকা, ফিফা চ্যালেঞ্জার কাপ এবং ফিফা ডার্বি অব দ্য আমেরিকাস। এর আগে, তিনি ফ্লামেঙ্গোর অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলকেও লিগ শিরোপা জেতান। লুইস ১০১ ম্যাচে দায়িত্ব পালন করে ৬৪টি জয় ও মাত্র ১৫টি হার নিয়ে বিদায় নিচ্ছেন, যা অনেক অভিজ্ঞ কোচের কাছেও ঈর্ষণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here