স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

0
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জের কামারখন্দে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে সুলতান শেখ (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সালমা খাতুন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান।
দণ্ডপ্রাপ্ত সুলতান শেখ কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আয়নাল শেখের ছেলে।

মামলাসূত্রে জানা যায়, ২০০৬ সালে সদর উপজেলার চন্ডিদাসগাতী গ্রামের তাহমিনা খাতুনের সঙ্গে সুলতানের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে চাপ ও নির্যাতন করতেন সুলতান। ২০১৯ সালের ৮ আগস্ট তাহমিনাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরে ঝুলিয়ে রাখেন তিনি। প্রথমে পুলিশ অপমৃত্যুর মামলা করলেও পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ১৮ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here