মোগরাপাড়ায় দখলদারদের সরে যেতে ২ দিনের আলটিমেটাম

0
মোগরাপাড়ায় দখলদারদের সরে যেতে ২ দিনের আলটিমেটাম

ঈদকে সামনে রেখে যানজট নিরসনে সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত ও সরকারি জায়গা দখলকারীদের দুই দিনের মধ্যে সরে যেতে আলটিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এসময় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখল করে অনেকেই ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে সিএনজি, প্রাইভেটকার ও বাসস্ট্যান্ড গড়ে তোলার কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।

তিনি ফুটপাত দখলদার ও অবৈধ স্ট্যান্ড পরিচালনাকারীদের দুই দিনের মধ্যে স্বেচ্ছায় সরে যাওয়ার নির্দেশ দেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। দখলদারদের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে যারা অবৈধ দোকানপাট স্থাপন ও সরকারি জায়গা দখলে সহযোগিতা করছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here