ব্যক্তিগত জেটে সৌদি ছাড়লেন রোনালদো

0
ব্যক্তিগত জেটে সৌদি ছাড়লেন রোনালদো

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই ক্রিস্টিয়ানো রোনালদো পরিবারসহ সৌদি আরব ছাড়লেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা সান জানিয়েছে, রোনালদো তাঁর জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ এবং পাঁচ সন্তানকে নিয়ে রিয়াদ থেকে ব্যক্তিগত জেটের মাধ্যমে স্পেনের মাদ্রিদে পৌঁছান। সৌদি আরবে ধারাবাহিক বিস্ফোরণের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রোনালদোর গালফস্ট্রিম জি৬৫০ ব্যক্তিগত জেটের মূল্য প্রায় ৬৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ১ হাজার কোটি টাকা)। এই ‘উড়ন্ত প্রাসাদ’ একটানা ৭ হাজার মাইলের বেশি উড়তে সক্ষম এবং এতে ১৫ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটট্রেডার২৪-এর তথ্য অনুযায়ী, রোনালদোর জেট মিশর ও ভূমধ্যসাগরের ওপর দিয়ে স্পেনে পৌঁছেছে।

নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের এক ডজনের বেশি দেশ থেকে নাগরিকদের দ্রুত সরে যেতে পরামর্শ দিয়েছে। রাতভর রিয়াদের উদ্দেশে যাওয়া বহু ফ্লাইট মাঝপথে ফিরে গেছে। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের কারণে হাজার হাজার বিদেশি নাগরিকও অঞ্চল ছাড়ার চেষ্টা করছেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সব ধরনের খেলা স্থগিত। এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পশ্চিমাঞ্চলের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ ও ৪ মার্চ হওয়ার কথা থাকা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু ও এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার-ফাইনালও আপাতত স্থগিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here