চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারায় বিদ্যুৎ বিতরণ বিভাগের অভিযোগ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ গ্রাহকেরা।
মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার দুপুরে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিতরণ বিভাগ-১ সূত্রে জানা গেছে, পিক আওয়ারে জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট, আর অফ-পিক সময়ে ৩০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ১০–১১ মেগাওয়াট। ফলে প্রতিঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে।
ঘটনার রাতে দাতিয়ারা এলাকায় একের পর এক দীর্ঘ লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে কয়েকজন গ্রাহক অভিযোগ কেন্দ্রের কাঁচের দরজা ভেঙে ফেলে চলে যায় বলে জানান সেখানে দায়িত্বরত কর্মচারী খলিলুর রহমান। ওই সময় তিনি ছাড়া অন্য কেউ কেন্দ্রে ছিলেন না বলে দাবি করেন তিনি।
পুলিশ ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, শহরসহ জেলার বিভিন্ন এলাকায় ৮টি ১১ কেভি লাইনের মধ্যে গড়ে ৫টি লাইন বন্ধ থাকছে, যার ফলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া পিডিবি বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী লতিফুর রহমান বলেন, চাহিদার তুলনায় প্রায় তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে এক ঘণ্টা পর পর লোডশেডিং দিতে হচ্ছে।
তিনি জানান, ঘটনাটি সদর থানায় লিখিতভাবে জানানো হয়েছে এবং জেলা প্রশাসককেও অবহিত করা হয়েছে।
এদিকে বিদ্যুৎ সংকটের কারণে পুরো জেলাজুড়ে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবাইকে ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যে সময় কাটাতে হচ্ছে।

