ব্যাট হাতে কঠিন সময় পার করছেন রোহিত শর্মা। জাতীয় ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে সর্বশেষ ৯ ইনিংসে করতে পেরেছেন মাত্র এক ফিফটি। সেই ফিফটিই এসেছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এরপর আগে পরে শুধুই রান খরা গেছে তার ব্যাটে।
আইপিএলে সেই বাজে ফর্ম চলমান থাকায় রোহিতকে শুনতে হচ্ছে নানান রকমের সমালোচনা। তবে সমালোচনা শুনে রোহিত কোনো জবাব না দিলেও তার হয়ে যেন ‘ব্যাট’ চালালেন কাইরন পোলার্ড।
মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অলরাউন্ডার ও বর্তমান ব্যাটিং কোচ জানিয়েছেন, সামনে বড় ইনিংস খেলে রোহিতই সমালোচকদের মুখ থেকে প্রশংসা কাড়বেন। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার জানিয়েছেন, কয়েকটা ইনিংস দিয়ে রোহিতকে বিচার না করতে।
রোহিত খুব শিগরিই ছন্দে ফিরবেন বলে জানিয়েছেন পোলার্ড। তিনি বলেছেন, ‘অনেক সময় আসে যখন আপনি অল্প রানে আউট হবেন… তবে সে ব্যক্তি হিসেবে নিজের ক্রিকেট উপভোগ করছে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে চাপের মুখেও পড়ে না। তাই কয়েকটি অল্প ইনিংসে তাকে বিচার করবে না। জানি, ক্রিকেটে সাফল্যের চেয়ে আমরা বেশি ব্যর্থই হই। আমি নিশ্চিত, বড় ইনিংস খেলে সে প্রশংসা কাড়বে। সে সামনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।’
ক্রিকেটে সে কিভাবে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে তার ইতিহাসও কিছুটা তুলে ধরেছেন পোলার্ড।
৩৭ বছর বয়সী কোচ বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকেই তার সঙ্গে খেলছি। খেলাটির যেকোনো সংস্করণে, যেকোনো পরিস্থিতিতে রেকর্ড বইয়ে তার নাম খোদাই করে রাখতে সে বাধ্য করেছে। খেলাটির কিংবদন্তি সে এবং মানুষ হিসেবেও’।

