ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল বিক্রি করায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার সাধনা ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ রুবানা তানজিন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
উপজেলা প্রশাসন জানায়, এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। তবে নিয়ম অমান্য করে সংশ্লিষ্ট ম্যানেজার প্রায় দুই হাজার লিটার জ্বালানি তেল কার্ড ছাড়াই বিক্রি করেন, যা ফিলিং স্টেশনে বিশৃঙ্খলার সৃষ্টি করে।
খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ম্যানেজারকে জরিমানা করা হয়।

