সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২০৮ পয়েন্ট ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪১৪ পয়েন্ট। তবে এদিন উভয় বাজারেই লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮৫ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬৩ ও ২০৫০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১০৬ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১টি কোম্পানির, কমেছে ৩৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ৪১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর।
মঙ্গলবার সিএসইতে ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

