নিখোঁজের সাতদিন পরে মাগুরার গড়াই নদী থেকে ভেসে উঠেছে উৎপল কুমার বিশ্বাস (৪২) নামে এক ব্যাবসায়ীর মরদেহ। শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার গড়াই নদীর পাড় থেকে ওই যুবককের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত উৎপল কুমার বিশ্বাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের প্রয়াত ধীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। তিনি সমাধিনগর বাজার বণিক সমিতির সহ-সভাপতি পদে ছিলেন এবং ওই বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার বেলা ৩টার দিকে সমাধিনগর নামযজ্ঞ অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন উৎপল কুমার বিশ্বাস। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ৭ দিন পর গড়াই নদীতে উৎপলের মরদেহ ভেসে উঠার খবর পাওয়া যায়। পরে পেট ফাড়া ও হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী।
মাগুরার শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুকুল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে নৌ পুলিশের আওতাধীন জায়গা হওয়ায় তাদেরকে খবর দেওয়া হয়েছিল। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছে।
নড়াইলের বড়দিয়া নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী বলেন, নিহতের মরদেহ পেট ফাড়া ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
রাজবাড়ী বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, উৎপল কুমার বিশ্বাস গত শুক্রবার থেকে নিখোঁজ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে বালিয়াকান্দি থানায় একটি নিখোজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আজ শুক্রবার গড়াই নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় উৎপলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

