আগামী ১২ মার্চ থেকে লন্ডনে অনুষ্ঠিত হবে ‘দ্য হান্ড্রেড’ এর নিলাম। এর আগে দলগুলোর খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তালিকা প্রকাশ করা হয়েছে।
এরই মধ্যে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সোমবার (২ মার্চ) প্রকাশিত ২৪৩ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ থেকে পাঠানো ২৩ জনের মধ্যে কেবল এই দুজনের নাম টিকে রয়েছে।
নিলামের ক্যাটাগরি অনুযায়ী, পেসার মোস্তাফিজুর রহমান ১ লাখ পাউন্ডের তালিকায় রয়েছেন। অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেন জায়গা পেয়েছেন ৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। বাংলাদেশ থেকে আবেদন করা নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের মতো পরিচিত ক্রিকেটাররা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।
এবারের নিলামের শুরুতে ১০ জন ‘মার্কি’ খেলোয়াড়ের নাম ডাকা হবে। এদের মধ্যে বিদেশি মার্কি খেলোয়াড় হিসেবে হারিস রউফ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনিল নারিন ও ড্যারিল মিচেল রয়েছেন। ঘরোয়া মার্কি তালিকায় আছেন জো রুট ও জনি বেয়ারস্টোর মতো তারকারা।
সংক্ষিপ্ত তালিকায় পাকিস্তানের ১৪ জন ক্রিকেটার স্থান পেলেও শুরুতে নিবন্ধিত ৭১০ জনের মধ্যে ৬৩ জনই ছিলেন পাকিস্তানি। আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রভাবে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর অলিখিত নিষেধাজ্ঞার গুঞ্জন থাকলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পারফরম্যান্স ও দলের প্রয়োজনের ভিত্তিতেই খেলোয়াড় নির্বাচন করা হবে।
আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দ্য হান্ড্রেডের এবারের আসর অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগকারীরা যুক্ত হয়েছেন, যার ফলে আইপিএল সংযোগে তিনটি দলের নামও পরিবর্তন করা হয়েছে।

