দুবাইয়ে প্রবাসী কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতবিনিময়

0
দুবাইয়ে প্রবাসী কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতবিনিময়

বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে  বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ।

সোমবার দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ‘ফারনেক ভিলেজ’ লেবার ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ  আশ্বাস দেন ।

পরিদর্শনকালে উপদেষ্টা সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি ও উদ্ভূত যুদ্ধাবস্থার প্রসঙ্গ তুলে প্রবাসী কর্মীদের খোঁজখবর নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সরকার প্রবাসীদের পাশে থাকবে। এ সময় তিনি প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করায় আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

মতবিনিময় সভায় উপস্থিত কর্মীরা রেসিডেন্সি ও কাজের ভিসা–সংক্রান্ত জটিলতা, দেশে ঘরবাড়ি নির্মাণ বা ব্যবসার জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং বৈধ পথে অর্থ পাঠাতে বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন।

উপদেষ্টা রেহান আসাদ তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জানান, প্রবাসীবান্ধব সরকার এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। দ্রুতই এর সুফল মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান, কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিপুলসংখ্যক প্রবাসী কর্মী এতে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here