ছেলে-ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

0
ছেলে-ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে জুয়া ও মাদক নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী কামাল উদ্দিন (৫৫) নিহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ছেলে ও ভাতিজাকে রক্ষা করতে গিয়ে কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হয়ে প্রাণ হারান তিনি। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লচি সর্দার বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের আসর বসানোকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করেন কামাল উদ্দিনের ছেলে ও ভাতিজা। এ নিয়ে অভিযুক্ত ইমাম উদ্দিন ও তার সহযোগীদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।

গত শনিবার রাতে বিরোধের একপর্যায়ে সংঘর্ষ বাধলে ছেলে ও ভাতিজাকে রক্ষা করতে এগিয়ে যান গাছ ব্যবসায়ী কামাল উদ্দিন। অভিযোগ রয়েছে, ইমাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

নিহত কামাল উদ্দিন দাদপুর ইউনিয়নের লচি সর্দার বাড়ির বাসিন্দা। তিনি গাছের ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মো. তোফায়েল জানান, হামলাকারীরা সংঘবদ্ধভাবে এসে অতর্কিত আক্রমণ চালায়। কামাল উদ্দিন বাধা দিতে গেলে তার ওপর নির্মম হামলা করা হয়।

এ ঘটনায় নিহতের স্বজন সেলিনা আক্তার বাদী হয়ে সুধারাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পাঁচ দিন পরও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্টাচার্য জানান, হত্যা মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here