কৃষি, কৃষক, ক্ষেতমজুর ও দেশ রক্ষায় উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এছাড়া ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল, জিনিসপত্রের দাম কমানো এবং কৃষক-ক্ষেতমজুরদের কাজ, খাদ্য ও রেশনিংয়ের নিশ্চয়তা চেয়ে অর্থমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ১নং রেলগেটে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের জেলা সভাপতি গোলাম ছাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের জেলা সংগঠক নিলুফার ইয়াসমিন শিল্পী, ডাক্তার আব্দুল জব্বার, কমরেড আয়নাল হক ও শাহজালাল তোতা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত। ৫৪ বছরের শাসনে এদেশের কৃষি ও কৃষককে ধ্বংস করে কৃষকদের দিনমজুর ও ভূমিহীনে পরিণত করা হয়েছে। দেশকে রক্ষা করতে হলে কৃষি ও কৃষকদের রক্ষা করতে হবে। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে আসন্ন বাজেটে ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ দেওয়া, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোসহ বিভিন্ন দাবি জানানো হয়।

