কারামুক্ত হলেন থাকসিন সিনাওয়াত্রা

0
কারামুক্ত হলেন থাকসিন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার মুক্তি পান তিনি। আদালতের এক রায়ে বলা হয়েছিল, কারাদণ্ড এড়াতে তিনি অন্যায়ভাবে হাসপাতালে অবস্থান করেছিলেন। সেই রায়ের পর প্রায় আট মাস কারাভোগের পর তিনি মুক্তি পেলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৬ বছর বয়সী এই বিলিয়নেয়ার প্রায় ২৫ বছর ধরে থাই রাজনীতিকে পুনর্গঠন ও নিয়ন্ত্রণ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার প্রভাব কমে গেছে। কারাবন্দি হওয়ার পাশাপাশি, তার একসময়কার শক্তিশালী রাজনৈতিক দল ফেউ থাই পার্টি চলতি বছরের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করেছে।

থাকসিন সিনাওয়াত্রা ছোট করে কাটা চুল এবং সাদা সাধারণ শার্ট পরে স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ৪০ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা তাঁকে ঘিরে ধরেন। তাদের মধ্যে ছিলেন তার মেয়ে ও রাজনৈতিক উত্তরসূরি পেতংতার্ন সিনাওয়াত্রাও। গত আগস্টে আদালতের আদেশে পেতংতার্নকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়। এর এক সপ্তাহ পর থাকসিনকে কারাবন্দি করা হয়।

সোমবার ভোর থেকেই ব্যাংককের ক্লং প্রেম কেন্দ্রীয় কারাগারের বাইরে শত শত সমর্থক জড়ো হন। থাকসিন বের হয়ে আসার সময় তারা ‘উই লাভ থাকসিন’ স্লোগান দেন। প্রায় দুই-তৃতীয়াংশ সাজা ভোগ করার পর তিনি প্যারোলে মুক্তি পেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here