নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা চলাকালে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় বিতর্কে জড়িয়েছেন এক স্বাস্থ্যকর্মী।
মঙ্গলবার উপজেলার সম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সানাউল্লাহ মিয়া পরীক্ষার বিভিন্ন হলে প্রবেশ করে সেলফি তোলেন। পরে বুধবার ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে সানাউল্লাহ মিয়া বলেন, পরীক্ষার হলে ছবি তোলার নিয়ম নেই—এ বিষয়টি তিনি জানতেন না। অফিস থেকে উপস্থিতির প্রমাণ চাওয়ায় তিনি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। তবে পরে সেগুলো মুছে ফেলেছেন বলেও জানান তিনি।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

