ইরানে হামলা বন্ধ রাখলেও জবাব দিতে প্রস্তুত ইসরায়েল!

0
ইরানে হামলা বন্ধ রাখলেও জবাব দিতে প্রস্তুত ইসরায়েল!

ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের সীমালঙ্ঘন করা হলে জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এছাড়া ইরানে আপাতত হামলা বন্ধ রাখলেও লেবাননে অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে আইডিএফ।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানে ‘এক দফা হামলা শেষ করেছে’ বলে বিবৃতি দিয়েছে আইডিএফ। এছাড়া রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা মেনে গোলাবর্ষণ বন্ধ রাখা হয়েছে। তবে আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের সীমালঙ্ঘন করা হলে জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে তারা। অন্যদিকে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক স্থল অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ।

দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করতে আরো সেনাও পাঠিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সেনাবাহিনীর ৯৮তম ডিভিশনটি মোতায়েন করেছে দেশটি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই অতিরিক্ত ডিভিশন মোতায়েনের মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে তেল আবিব। তবে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের এই অনুপ্রবেশ আরও কতটা বাড়বে, তা এখনও স্পষ্ট হওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই ডিভিশনটি ‘সামনের প্রতিরক্ষা লাইন আরও শক্তিশালী করবে। দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য হুমকি অপসারণে কাজ করবে। ইসরায়েলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ লেবাননের পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ এলাকা গাজার চেয়ে বেশি জটিল, যা ইসরায়েলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। অভিযানের মূল লক্ষ্য হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর দিকে সরিয়ে দেওয়া। সীমান্তবর্তী গ্রামগুলো ধ্বংস করে সেগুলোকে নিজেদের সামরিক কাজে ব্যবহার করা। সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু, টাইমস অব ইসরায়েল, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here