ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ১৩৬ বছরের রেকর্ড ভাঙার পথে বেথেল

0
ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ১৩৬ বছরের রেকর্ড ভাঙার পথে বেথেল

বর্তমান সময়ে ইংল্যান্ডের সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটারদের একজন জ্যাকব বেথেল। ইংলিশ ক্রিকেটের ১৩৬ বছরের পুরনো একটা রেকর্ড ভেঙে দিতে চলেছেন তিনি। ২১ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অধিনায়কের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। সম্প্রতি অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে তার নাম।

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হওয়ার নজির রয়েছে মন্টি বাউডেনের। ১৮৮৯-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা টেস্ট ম্যাচে ২৩ বছর বয়সে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। অধিনায়ক আউব্রে স্মিথ জ্বরে অসুস্থ হয়ে পড়ায় বাউডেনকে অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল।

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন হ্যারি ব্রুক। তবে আয়ারল্যান্ড সিরিজ়ে তাঁকে এবং দলের বেশির ভাগ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ইংল্যান্ডের ঘরোয়া লিগ ‘দ্য হানড্রেড’-এ খেলছেন ব্রুক। আবার সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে নেতৃত্ব দেবেন।

ইংল্যান্ডের প্রধান নির্বাচক লিউক রাইট বলেছেন, “দলে আসার পর থেকে বেথেলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের আকৃষ্ট করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ ওকে আন্তর্জাতিক স্তরে নিজের দক্ষতা আরও শানিয়ে নেওয়ার সুযোগ করে দেবে।”

২০০৩-এ বার্বাডোজে জন্ম বেথেলের। কৈশোরে বাবা-মায়ের সঙ্গে ইংল্যান্ডে চলে আসেন তিনি। ওয়ারউইকশায়ারের হয়ে ক্রিকেট খেলে বেড়ে উঠেছেন। ২০২২-এ ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভাল খেলে নজরে আসেন। গত বছর সিনিয়র দলে সব ফরম্যাটেই অভিষেক হয়েছে। আইপিএলে বিরাট কোহলির দল বেঙ্গালুরুর হয়েও খেলেছেন গত মৌসুমে। সূত্র: আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here