দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমদিন অফিস করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
মঙ্গলবার সকাল ১০টায় নবনিযুক্ত প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল তাঁর সহধর্মিণীকে সঙ্গে নিয়ে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হলে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল জেলার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত জেলা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বয়ে সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আধুনিক ও উন্নত জেলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করা হবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, আবু বকর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

