অস্বাভাবিক বাউন্সারে হেলমেটে আঘাতের পর লাথি, অতঃপর ম্যাচ পরিত্যক্ত

0
অস্বাভাবিক বাউন্সারে হেলমেটে আঘাতের পর লাথি, অতঃপর ম্যাচ পরিত্যক্ত

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে এক অদ্ভূত ঘটনা ঘটেছে। মাঠে বাজে ব্যবহারের কারণে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জর্ডান সিলস। যিনি একাই তুলে নেন সাতটি উইকেট।

ঘটনার সূত্রপাত হয় একটি অস্বাভাবিক বাউন্স করা বল থেকে। সিলসের করা সেই বল পিচে পড়ে হঠাৎ উঁচুতে উঠে ব্যাটারের হেলমেটে আঘাত করে। আঘাত পেয়ে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান এবং তার হেলমেট খুলে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে দাঁড়িয়ে ক্ষোভে হেলমেটে লাথি মেরে তা স্কয়ার লেগের দিকে ছুড়ে দেন। এরপর মাঠ ছেড়ে চলে যান এবং সম্ভাব্য মস্তিষ্কে আঘাতের আশঙ্কায় তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এই ঘটনার পর ম্যাচ কর্মকর্তারা পিচের অবস্থা পর্যালোচনা করে সেটিকে ‘বিপজ্জনক’ ঘোষণা দেন। তখন লিওয়ার্ড আইল্যান্ডস ও ত্রিনিদাদ-টোবাগোর মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত করা হয়। খেলা বন্ধ হওয়ার সময় লিওয়ার্ড আইল্যান্ডসের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৪০ রান, যার সবগুলো উইকেটই নেন সিলস।

খেলা শেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, চার দিনের এই ম্যাচের তৃতীয় দিনের সকাল পর্যন্ত প্রথম ১৪৭ ওভারে মোট ২৭টি উইকেট পতন হয়, যা পিচের অস্বাভাবিক আচরণেরই ইঙ্গিত দেয়।

ত্রিনিদাদের কোচ ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন, আড়াই দিন ধরেই পিচে অপ্রত্যাশিত বাউন্স দেখা যাচ্ছিল। তার মতে, এমন সিদ্ধান্ত যদি নিতেই হয়, তাহলে সেটি প্রথম দিনেই নেওয়া উচিত ছিল।

উল্লেখ্য, এই প্রতিযোগিতার ফাইনালও একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আশ্বস্ত করেছে, ফাইনালের আগে একটি নিরাপদ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পিচ প্রস্তুত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here