অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

0
অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে অগ্নিকাণ্ডে জমির শেখ (৪০) নামের এক দিনমজুরের বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরের ভেতরে থাকা একটি ছাগল, আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও নগদ টাকা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এলাকাবাসী জানায়, হঠাৎ ঘরের ভেতর আগুন দেখা দিলে পরিবারের লোকজন চিৎকার শুরু করে। আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগেই সম্পূর্ণ ঘরটি পুড়ে যায়। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।

ক্ষতিগ্রস্ত জমির শেখ বলেন, ‘আমার ঘরের ভেতরে থাকা একটি ছাগল, নগদ ৫ হাজার টাকা, তিনটি সোনার নাকফুল, প্রায় তিন ভরি রুপার অলঙ্কার, খাদ্যসামগ্রী, কাপড়চোপড় ও আসবাবপত্র সবই পুড়ে গেছে।’

ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, ‘আগুনে জমির শেখের একমাত্র থাকার ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ঘরটি টিনের তৈরি ছিল। পুড়ে যাওয়া ছাগলটিও মারা গেছে। পাঁচ সদস্যের পরিবারটি এখন চরমভাবে অসহায় অবস্থায় রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here