ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে স্থগিতাদেশ, আলোচনার সময় বাড়ল জুলাই ৯ পর্যন্ত

0

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য উত্তেজনা প্রশমনে সাময়িক স্বস্তি মিলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইইউর পণ্যের ওপর ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েনের সঙ্গে ফোনালাপের পর এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত আসে বলে জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, উরসুলা গুরুত্বসহকারে আলোচনায় বসতে চান এবং দ্রুত আলোচনার অগ্রগতি চান। এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প ৯০ দিনের সময়সীমা বেঁধে দেন, যা শেষ হওয়ার কথা ছিল ১ জুন। তবে আলোচনার জন্য অতিরিক্ত সময় চাওয়ায় সেই সময়সীমা ৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

রবিবার নিউজারসি অঙ্গরাজ্যের মরিসটাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি যাকে পেয়েছি তাকেই বলেছি, ওদের এটা করতে হবে।” তিনি আরও বলেন, “সময়সীমা বাড়াতে রাজি হয়েছি—৯ জুলাই ২০২৫ পর্যন্ত। এটা করা আমার জন্য সম্মানের।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প আগেই অভিযোগ করেছিলেন যে, ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য নিয়ে ‘খুব কঠিন’ আচরণ করছে এবং আলোচনা কার্যত কোনো দিকে এগোচ্ছে না। তাই তিনি ইইউ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।

অন্যদিকে ভন ডার লায়েন জানিয়েছেন, ইউরোপ একটি ‘ভালো চুক্তি’ করতে আগ্রহী। তবে তা বাস্তবায়নে কিছু সময় লাগবে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন করে বাণিজ্য আলোচনার পথ তৈরি করেছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here