যশোর শহরের শংকরপুর এলাকায় একটি বসতঘরের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিন শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত তিন শিশুই শাহাদাত হোসেন নামের এক ব্যক্তির সন্তান। তারা হলো—সজিব আহমেদ (৭), খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সজিব বাড়ির পাশের মাঠে খেলার সময় টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু কুড়িয়ে পান। পরে সেটি বাড়িতে এনে দুই বোনের সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে তিন শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি বাইরে থেকে বিস্ফোরকজাতীয় বস্তু এনে খেলছিল। তবে বস্তুটি বাইরে থেকে আনা, নাকি ঘরে আগে থেকেই ছিল—তা নিশ্চিত করতে তদন্ত চলছে।
চিকিৎসক ইমন হোসেন বলেন, আহতদের মধ্যে আয়েশা ও সজিবের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান নেয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

