পেত্রায় আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হলো ১৮০০ পর্যটককে

0

জর্ডানের প্রাচীন শহর পেত্রায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ কারণে রবিবার সেখান থেকে প্রায় ১৮০০ পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সরকারি কর্মকর্তা ইয়াজান মোহাদিন জানান, রেসকিউ টিমগুলো তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে শত শত পর্যটককে উদ্ধার করে। আজ পেত্রা ভ্রমণ করেছেন মোট এক হাজার ৭৮৫ জন পর্যটক, যাদের অধিকাংশকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও নিশ্চিত করেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জর্ডানের আবহাওয়া বিভাগের একটি ভিডিওতে দেখা যায়, আকস্মিক বন্যার পানি পেত্রার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আতংকে পর্যটকেরা ঐতিহাসিক ট্রেজারি বা ‘খাজনা ঘর’-এর প্রবেশমুখে জড়ো হচ্ছেন। এর পরপরই তাদের সরিয়ে নেওয়া হয়। 

এর আগেও এমন ঘটনা ঘটেছে পেত্রাতে। কারণ জলবায়ুগত কারণে ওই অঞ্চলটিতে বৃষ্টিপাত ও ঝড়ের প্রবণতা বাড়ছে।

প্রাচীন শহর পেত্রার মন্দির ও স্থাপত্যগুলো গোলাপি পাথরের পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

২০০৭ সালের এক অনলাইন জরিপে শহরটি বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি হিসেবেও নির্বাচিত হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here