কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেফতার ২

0

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণের দুই ঘণ্টা পর মুরাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর আগে এদিন দুপুর ১টার দিকে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর উপজেলার ফুলপুকুরিয়া কেন্দ্র থেকে অপহরণ হন পরীক্ষার্থী মুরাদ হোসেন। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

মুরাদের বাবা আব্দুর রাজ্জাক জানান, তার ছেলেকে অপহরণের ঘটনায় কাইয়াগঞ্জ এলাকার রেজোয়ান প্রধানের ছেলে আপন (২০) এবং একই গ্রামের শাহজাহানের ছেলে ছানোয়ার হোসেনকে (১৮) স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে দেন তিনি। পরে পুলিশ আটক যুবকদের দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত মুরাদ হোসেনকে কাটামোড় এলাকা থেকে উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here