ফরিদপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

0

ফরিদপুরের বোয়ালমারীতে আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় মো. সাব্বির হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। সাব্বির বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাফর সরদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার।

মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়েছে। মামলার আসামীদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে। তবে মামলাটির প্রথম পর্যায়ের নেতাকর্মীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সাব্বির হোসেনকে নিজবাড়ি থেকে গ্রেফতার করে। আজ শনিবার (৫ এপ্রিল) সকালে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, যুবলীগ নেতা সাব্বির হোসেনকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় শুক্রবার গভীর রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার অজ্ঞত আসামি সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে শনিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here