
রংপুরের কাউনিয়া উপজেলায় গাছ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় পথচারী আজিজুল ইসলাম (৬০) মারা গেছেন। মঙ্গলবার বিকালে এই দুর্ঘটনাটি ঘটে। আজিজুল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে হলদীবাড়ি রেলেগেট ফিলিং স্টেশনের কাছে গাছের গুড়ি বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আজিজুল ইসলাম (৬০) কে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রলি থানায় নিয়ে আসে।

