ঘরের মাঠে ফেভারিট যুক্তরাষ্ট্র, চমকের আশায় বসনিয়া

0
ঘরের মাঠে ফেভারিট যুক্তরাষ্ট্র, চমকের আশায় বসনিয়া

স্বাগতিক যুক্তরাষ্ট্রের সামনে এবার নকআউট পর্বের কঠিন পরীক্ষা। বিশ্বকাপের শেষ বত্রিশে বুধবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা যুক্তরাষ্ট্র ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে শেষ ষোলো নিশ্চিত করতে চায়। অন্যদিকে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর একটি হিসেবে নকআউটে ওঠা বসনিয়া নতুন আরেকটি চমক দেখানোর অপেক্ষায়।

গ্রুপ পর্বে দারুণ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট নিশ্চিত করে দলটি। শেষ ম্যাচে তুরস্কের কাছে ৩-২ গোলে হারলেও ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই শেষ বত্রিশে উঠেছে মরিসিও পোচেত্তিনোর শিষ্যরা।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের নকআউট অভিজ্ঞতাও কম নয়। ১৯৩০ সালে তৃতীয়, ২০০২ সালে কোয়ার্টার ফাইনাল এবং ২০১০, ২০১৪ ও ২০২২ সালে শেষ ষোলো খেলেছে তারা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী স্বাগতিকরা।

অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনার নকআউটে ওঠাই বড় সাফল্য। ২০১৪ সালের পর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলতে না পারা দলটি এবার গ্রুপ পর্বে কানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করে, সুইজারল্যান্ডের কাছে ৪-১ গোলে হারে। তবে শেষ ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নেয়।

দুই দলের মধ্যে এর আগে তিনবার দেখা হয়েছে, তবে সবগুলোই ছিল প্রীতি ম্যাচ। প্রতিযোগিতামূলক আসরে এবারই প্রথমবার মুখোমুখি হচ্ছে তারা। সর্বশেষ ২০২১ সালে দুই দলের লড়াইয়ে ১-০ গোলে জিতেছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র শিবিরে কয়েকজন ফুটবলারের চোট নিয়ে শঙ্কা রয়েছে। ক্রিস্টিয়ান রোলদান, মার্ক ম্যাকেঞ্জি ও অস্টন ট্রাস্টির খেলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত হবে। তবে অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচ, টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাককেনি, সের্জিনিও ডেস্ট, ক্রিস রিচার্ডস ও ফুলারিন বালোগুনকে নিয়েই একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দুটি গোল করা বালোগুনই আক্রমণের প্রধান ভরসা।

বসনিয়ার দলে আমার ডেডিচের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে সুইজারল্যান্ড ম্যাচে লাল কার্ডের কারণে নিষিদ্ধ থাকা তারিক মুহারেমোভিচ দলে ফিরছেন। আক্রমণে থাকবেন অভিজ্ঞ অধিনায়ক এদিন জেকো। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার এখনো বিশ্বকাপে গোল না পেলেও দেশের হয়ে তার নামের পাশে রয়েছে ৭৩টি গোল।

যুক্তরাষ্ট্র: ফ্রিজ; ফ্রিম্যান, রিম, রিচার্ডস, রবিনসন; অ্যাডামস, টিলম্যান; ডেস্ট, ম্যাককেনি, পুলিসিচ; বালোগুন।

বসনিয়া ও হার্জেগোভিনা: ভাসিল; ডেডিচ, কাতিচ, মুহারেমোভিচ, কোলাশিনাচ; বাইরাকতারেভিচ, শুনইচ, বাসিচ, আলাইবেগোভিচ; জেকো, দেমিরোভিচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here