মোদিকে নিয়ে ‘তোষামোদি’, মাধবনের পদ্মশ্রী পুরস্কার নিয়ে প্রশ্ন

0
মোদিকে নিয়ে ‘তোষামোদি’, মাধবনের পদ্মশ্রী পুরস্কার নিয়ে প্রশ্ন

বলিউড অভিনেতা সুনীল শেঠির পর এবার নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে দেওয়া অভিনেতার একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর তাতেই ‘তনু ওয়েডস মনু’ খ্যাত এই তারকাকে ‘মেরুদণ্ডহীন’ এবং ‘চটিচাটা’ বলে তীব্র কটাক্ষ করছেন নেটিজেনদের একাংশ।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে মাধবনকে প্রধানমন্ত্রী মোদির কর্মদক্ষতা ও উৎসর্গের প্রশংসা করতে দেখা যায়। তিনি বলেন, যে মানুষটি দিনে মাত্র তিন ঘণ্টা ঘুমান, যার মা একটি ছোট গ্রামে থাকেন এবং যার পরিবারের কেউ সরকারে নেই—তিনি সার্বক্ষণিক শুধু দেশের কথাই ভাবছেন। মাধবন আরও যোগ করেন, প্রধানমন্ত্রী সব সময় দেশের কল্যাণ চান এবং তিনি নিজেই সংসদে বলেছেন যে, কেউ তার নীতির সমালোচনা করলে বা তা আরও উন্নত করার পরামর্শ দিলে তিনি তা স্বাগত জানান। এটিকে একজন সত্যিকারের নেতার গুণ উল্লেখ করে মাধবন সব সময় প্রধানমন্ত্রীর পাশে থাকার ও সমর্থনের ঘোষণা দেন।

সম্প্রতি পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হওয়া এই অভিনেতার এমন ‘মোদিপ্রীতি’ অবশ্য ভালোভাবে নেয়নি নেটদুনিয়া। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই অভিনেতার এই অতি-প্রশংসাকে ‘তোষামোদি’ হিসেবে আখ্যা দিয়েছেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন, বিজেপির প্রতি এমন অন্ধ আনুগত্য দেখানোর পুরস্কার হিসেবেই হয়তো তিনি পদ্মশ্রী পেয়েছেন। এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর শাসনে দেশ এতই উন্নত হলে মাধবন কেন তার সন্তানকে নিয়ে ভারতের বাইরে চলে গেলেন? 

একের পর এক এমন কড়া সমালোচনার মুখে পড়লেও অভিনেতা বা তার মুখপাত্রের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here