চুরির সময় বৃদ্ধাকে গলা কেটে হত্যা

0
চুরির সময় বৃদ্ধাকে গলা কেটে হত্যা

চাঁদপুরের কচুয়ায় সিঁধ কেটে চুরির সময় এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার বেরকোটা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত ফাতেমা বেগম (৬৫) মৃত সাদেক উল্যাহ মিয়াজির স্ত্রী। 

পরিবারের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে ফাতেমা বেগমের গলা কেটে হত্যা করে। পরে ঘর থেকে মূল্যবান মালামাল নিয়ে তারা পালিয়ে যায়।

স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা পরিচিত হওয়ায় ফাতেমা বেগম তাদের চিনে ফেলেছিলেন। তবে এ বিষয়ে পুলিশ এখনই কোনো মন্তব্য করছে না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এদিকে, নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকাজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here