২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে নিজেই হাজির অপহৃত ব্যক্তি ইমতিয়াজ

0
২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে নিজেই হাজির অপহৃত ব্যক্তি ইমতিয়াজ

অপহরণের শিকার হয়ে দীর্ঘ ২৪ দিন নিখোঁজ থাকা এক ব্যক্তিকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। উদ্ধার হওয়া ওই ব্যক্তি হলেন কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইমতিয়াজ আলম (৫২)। 

তিনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নয়াটোলার ডা. সাহান রোড এলাকার বাসিন্দা মৃত খুরশিদ আলমের ছেলে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই ব্যক্তি নিজেই র‍্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পে এসে হাজির হন। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক পুলিশ সুপার আ. ম. ফারুক রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব দাবি করছে, তাদের অভিযানের তীব্র ও নিরবিচ্ছিন্ন চাপের মুখে একপর্যায়ে টিকতে না পেরে অপহরণকারীরা ওই ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

র‍্যাবের তথ্যমতে, গত ৪ জুন রাত পৌনে ১১টার দিকে মোঃ ইমতিয়াজ আলম অজ্ঞাত দুষ্কৃতকারীর হাতে অপহরণের শিকার হন। পরে তার স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে উখিয়া থানায় একটি নিয়মিত অপহরণ মামলা রুজু হয়।

র‍্যাব বলছে, মামলা দায়েরের পর থেকেই অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্প ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাবের আভিযানিক দল ছদ্মবেশে সম্ভাব্য সকল গোপন আস্তানায় ধারাবাহিক ও সাঁড়াশি অভিযান চালায়। ​আভিযানের তীব্র ও নিরবিচ্ছিন্ন চাপের মুখে পড়ে একপর্যায়ে টিকতে না পেরে অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে অপহরণের শিকার ইমতিয়াজ আলম নিজেই ক্যাম্পে এসে হাজির হন। পরে আইনগত প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষ করতে ইমতিয়াজ আলমকে উখিয়া পান বাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here