বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় পাঁচ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রবিবার সকালে শহরের শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আজফারুল হাবিব রোজ, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারজানুল ইসলাম, এমওসিএস ডা. মো. সাজ্জাদ উল হক, ডা. পূর্ণম সরকার, ডা. মো. নাফিউর রহমান তমাল, এসআইএমও ডা. তারিক মো. রেজা এবং জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ অন্যরা।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ৫ লাখ ৬ হাজার ৩৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৫ হাজার ৩৯৮ জন শিশু রয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে জেলার ১১টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ২ হাজার ৬১৬টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৫ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।
বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম বলেন, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ বিকাশে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ। কোনো শিশু যাতে কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তাদের শনাক্ত করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি অভিভাবকদের শিশুদের নিয়মিত ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সুষম খাদ্য খাওয়ানোর পাশাপাশি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশগ্রহণের আহ্বান জানান।

