মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

0
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। এসময় দুটি ইতালিয়ান বিদেশি পিস্তাল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) উপজেলার বেলেহাটি গ্রাম থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে বিজিবি। 

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত জানান, শনিবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মোঃ ওমর আলীর নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। সেসময় বিজিবি সদস্যরা ২ জন অজ্ঞাত চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে ধাওয়া করে। বিজিবির ধাওয়ার মুখে চোরাকারবারিরা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মোঃ মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের মধ্যে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে রেখে শূন্য রেখা অতিক্রম করে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল জঙ্গল থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ওই সাদা প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খোলার পর ভেতরে একটি কার্টুন থেকে মেইড ইন ইতালি খোদাই করা ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি এবং ২৪ বোতল নিষিদ্ধ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। 

৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্যসমূহ ঝিনাইদহের মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে অপরাধ দমন ও চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here