লেবানন এবং ইসরায়েলের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। তবে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এই চুক্তিকে ‘বাতিল ও ভিত্তিহীন’ উল্লেখ করে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
নাইম কাসেম বলেন, দখলদারি দূর করতে আমরা মাঠে থেকে লড়াই চালিয়ে যাব। আমরা সবচেয়ে কঠিন সময়েও মাঠ ছাড়িনি। ভবিষ্যতেও কখনো মাঠ ছাড়ব না।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে ‘অপমানকর ও লজ্জাজনক’ মন্তব্য করে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে লেবানন নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিয়েছে। ইসরায়েল-লেবানন চুক্তির পরিবর্তে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা চুক্তি মেনে চলার আহ্বান জানান।
দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত হিসেবে হিজবুল্লাহকে অস্ত্র ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। নাইম কাসেম এটার তীব্র নিন্দা জানিয়ে এটাকে অত্যন্ত বিপজ্জনক প্রস্তাব বলে উল্লেখ করেছেন।
লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনায় তিনি ইরানের প্রশংসা করেছেন। তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি লেবাননকে একটি শক্তিশালী অবস্থান দিয়েছে। এটি লেবাননের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করবে।
নাইম কাসেম লেবাননের নেতাদেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের সাথে চুক্তি করে নেতারা আগামী অনেক বছরের জন্য ইসরায়েলের দখলদারিকে বৈধতা দিচ্ছেন। এর ফলে ইসরায়েল ওই এলাকাগুলো চিরতরে দখল করে নিতে পারে।
তিনি লেবাননের সরকারকে তাদের এই বড় ভুল শুধরে নেওয়ার আহ্বান জানান। শেষে তিনি বলেন, লেবাননের স্বাধীনতা রক্ষা এবং দখলদার ইসরায়েলকে তাড়িয়ে দিতে হিজবুল্লাহ সবার সাথে মিলে কাজ করতে পুরোপুরি প্রস্তুত।

