মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

0
মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মুন্সীগঞ্জে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ হুমকি। মাদকাসক্তি শুধু একজন মানুষের জীবনকেই ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাও নষ্ট করে এবং যুবসমাজের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।

বক্তারা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, অবৈধ মাদক পাচার প্রতিরোধ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করবে এবং মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহমুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here