“উদ্ধার কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়”

0
“উদ্ধার কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়”

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমের সময় শক্তিশালী আফটারশকের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন ভূকম্পবিদরা। তারা বলছেন, এই সময়টি উদ্ধারকর্মী ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক পর্যায়গুলোর একটি।

অস্ট্রেলিয়ার সিসমোলজি রিসার্চ সেন্টারের প্রধান বিজ্ঞানী অ্যাডাম পাসকালে আল জাজিরাকে বলেন, ভেনেজুয়ায় শক্তিশালী আফটারশকের সম্ভাবনা সম্পর্কে সবাইকে অত্যন্ত সচেতন থাকতে হবে, বিশেষ করে যখন উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে।

তিনি বলেন, “উদ্ধার কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়।”

পাসকালে জানান, আফটারশকের পাশাপাশি আগের ভূমিকম্পগুলোর সমান কিংবা আরও বড় মাত্রার আরেকটি ভূমিকম্পের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে কয়েক দিন পেরিয়ে গেলে এমন সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে আসে।

বিশেষজ্ঞদের মতে, ক্ষতিগ্রস্ত ভবনগুলো ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে। ফলে পরবর্তী কম্পনে সেগুলো আরও ধসে পড়তে পারে, যা উদ্ধারকাজকে জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলবে।

উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯৭১ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোর্স: আল জাজিরা, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here