গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাতপরিচয় এক তরুণকে (১৮) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টার টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এক তরুণকে ছিনতাইকারী সন্দেহে আটক করে স্থানীয় জনতা। একপর্যায়ে তাকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, নিহত তরুণের পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

