২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী খন্দকার বাপ্পি। ‘ফুটবলের জয়গান’ শিরোনামের এ গানের কথা লিখেছেন তিনি নিজেই। গানটির সংগীত পরিচালনা করেছেন বাপন।
গানটিতে ফুটে উঠেছে বাঙালির দেশপ্রেম, আবেগ ও ফুটবল ঘিরে উচ্ছ্বাস। একই সঙ্গে ফুটবলের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়েছে। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশও স্থান পেয়েছে গানের কথায়।
গানের চিত্রায়ণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফুটবলকে ঘিরে সাধারণ মানুষের উৎসবের আবহ তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিশ্ব ফুটবলের আসর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ায় টাইমস স্কয়ারে বিভিন্ন দেশের মানুষের ফুটবল উদযাপনের দৃশ্যও মিউজিক ভিডিওতে যুক্ত করা হয়েছে।
সংগীত পরিচালক বাপন বলেন, সংগীত নির্মাণের সময় গ্যালারির ফুটবল উন্মাদনা, সাম্বার ছন্দ এবং দেশীয় সংগীতের উপাদানকে একত্র করার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এসব উপাদানের সমন্বয়ে একটি প্রাণবন্ত সংগীতায়োজন তৈরির চেষ্টা করা হয়েছে।
গানটি প্রসঙ্গে খন্দকার বাপ্পি বলেন, দীর্ঘ সময় পর এমন একটি গান গেয়েছেন, যেটিকে তিনি নিজের জীবনের অন্যতম সেরা কাজ বলে মনে করেন। তার ভাষ্য, গানটির উৎসবমুখর আবহ শ্রোতাদের আনন্দে ভরিয়ে দেবে।
এর আগে, ফেরদৌস ওয়াহিদ ও খন্দকার বাপ্পির কণ্ঠে ‘ফাঁকি’ গানটি শ্রোতামহলে সাড়া ফেলেছিল। ‘ফুটবলের জয়গান’ নির্মাণ করেছে দেশী টায়রো টিম। গানটি কয়েকটি ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।

