মাগুরায় মেছো বাঘ নিয়ে চাঞ্চল্য: আতঙ্কিত না হওয়ার পরামর্শ বন বিভাগের

0
মাগুরায় মেছো বাঘ নিয়ে চাঞ্চল্য: আতঙ্কিত না হওয়ার পরামর্শ বন বিভাগের

মাগুরা সদরের মাঝিপাড়া গ্রামে একটি বন্যপ্রাণী দেখাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বন বিভাগ নিশ্চিত করেছে, প্রাণীটি কোনো চিতা বাঘ নয়, এটি আসলে একটি বিলুপ্তপ্রায় মেছো বাঘ।

গত শনিবার রাত ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় ইসরাফিল হোসেন নামের এক যুবক প্রথম প্রাণীটিকে দেখেন। তিনি জানান, রাস্তার পাশের একটি গাছ থেকে প্রাণীটি হঠাৎ তার সামনে লাফিয়ে পড়ে। তিনি মুঠোফোনের আলো জ্বেলে সেটির সাত সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন।

ইসরাফিলের দাবি, প্রাণীটি দেখতে চিতা বাঘের মতো। পরে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে খোঁজাখুঁজি করলেও রাতের অন্ধকারে সেটির সন্ধান মেলেনি। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে মাঝিপাড়া ও আশপাশের এলাকায় উদ্বেগ বাড়ে, বিশেষ করে অভিভাবকেরা সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা বাবলু মোল্লা জানান, এখন বর্ষার সময়। চারপাশে ঝোপঝাড় বাড়ে। এর মধ্যে এই বাঘের গল্প শুনে শিশুদের মধ্যে কিছুটা ভয় তৈরি হয়েছে। তবে ছোট বেলা থেকেই আমরা এই মেছোবাঘ দেখে আসছি। কোনদিন কারো কোন ক্ষতি করেছে বলে আমার জানা নেই। তবে অনেক সময় গেরস্তের বাড়ি থেকে মুরগী ধরে খেতে দেখেছি। এগুলো এখন আর আগের মতো দেখতে পাওয়া যায় না। এটিকে আমাদের স্থনীয় ভাষায় বাঘডাশা বলে থাকে।

জেলা বন বিভাগের কর্মকর্তা তপেনন্দ্রনাথ ঠাকুর জানান, ভিডিওর প্রাণীটি চিতা বাঘ নয়, এটি মেছো বাঘ বা বাঘডাশা। এরা মূলত জলাশয়ের কাছাকাছি থাকে এবং মাছ বা ছোট প্রাণী খেয়ে বাঁচে। মেছো বাঘ মানুষের কোনো ক্ষতি করে না, বরং পরিবেশের উপকার করে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুরক্ষিত এই প্রাণীটিকে না মেরে নিরাপদে থাকতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here