পরিবেশ সংরক্ষণ, সবুজায়নের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কানাডাপ্রবাসী সাংবাদিক নূরুজ্জামান মামুনের সহযোগিতায় কলাপাড়া প্রেসক্লাব ও আমরা কলাপাড়াবাসীর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়।
সোমবার (২২ জুন) বেলা ১১টায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সৌন্দর্যবর্ধনের জন্য সোনালু, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। অন্তত ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে ১০টি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখা হবে।

