উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

0
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

কানাডার ক্যালগেরিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৬’। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি (বিসিএওসি) ও ক্যালগেরি বাংলা স্কুলের যৌথ উদ্যোগে সম্প্রতি ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়। প্রবাসের নতুন প্রজন্মের কাছে মাতৃভাষা শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূলপর্ব শুরু হয়। উপস্থিত অতিথি, অভিভাবক ও কমিউনিটির সদস্যরা দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ক্যালগেরির স্কুলিক স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনিস হক। তিনি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।  

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএওসি-এর সভাপতি ইকবাল রহমান। তিনি বলেন, ‘ক্যালগেরি বাংলা স্কুল অত্যন্ত সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানেরা যেন তাদের শিকড় ও মাতৃভাষার সঙ্গে যুক্ত থাকে, এই স্কুল সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিচ্ছে। এমন একটি প্রতিষ্ঠানের অংশ হতে পেরে আমরা গর্বিত।’

সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আসিফ হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘ক্যালগেরি বাংলা স্কুল কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের পুরো টিমের মধ্যে এটি অন্যতম সফল উদ্যোগ।’ তিনি আরও বলেন, ‘শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি, এই স্কুল আগামী দিনে আরও বড় সাফল্য বয়ে আনবে এবং কমিউনিটির গর্ব হয়ে থাকবে।’

এছাড়া বক্তব্য রাখেন ক্যালগেরি বাংলা স্কুলের অধ্যক্ষ মো. আসজাদ হোসাইন, শ্রদ্ধেয় শিক্ষিকা মুনিয়া রহমান, এবং বিসিএওসি-এর আইটি সম্পাদক সুলতানুল ইসলাম। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন অধ্যক্ষরা, কমিউনিটির বিশিষ্ট সদস্য ও অভিভাবকরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ। মেধার স্বীকৃতিস্বরূপ সনদপত্র গ্রহণের সময় শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস এবং অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানস্থলে এক আবেগঘন আবহ তৈরি করে। এরপরই শুরু হয় শিক্ষার্থীদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা। কোমলমতিদের চমৎকার পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here