বিশ্বকাপ দলে জায়গা হয়নি, এবার সংগীতশিল্পী স্প্যানিশ তারকা

0
বিশ্বকাপ দলে জায়গা হয়নি, এবার সংগীতশিল্পী স্প্যানিশ তারকা

একসময় আনসু ফাতিকে ধরা হতো বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে। লামিনে ইয়ামালের উত্থানের আগ পর্যন্ত বার্সেলোনার সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন হিসেবে বিবেচিত ছিলেন এই ফরোয়ার্ড।

তবে সময়ের সঙ্গে পারফরম্যান্সে ধার কমে যাওয়ায় বার্সেলোনা ছাড়তে হয় তাকে। পরে ধারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন এবং এএস মোনাকোয় খেলেছেন তিনি। এমনকি স্পেনের বিশ্বকাপ দলে জায়গাও হয়নি তার।

ফুটবল ক্যারিয়ারের অনিশ্চয়তার মাঝেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। এবার তিনি পা রেখেছেন সংগীত জগতে।

সম্প্রতি নিজের প্রথম একক গান প্রকাশ করেছেন ফাতি। স্প্যানিশ ভাষার এই গানের নাম ‘Sea Como Sea’, গানটির রেকর্ডিং ও মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

তিনি সংগীত ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মিউজিক ব্রোকার্সের সঙ্গে বৈশ্বিক বিতরণ চুক্তি করেছেন, এটি সনি মিউজিকের সহযোগী প্রতিষ্ঠান। এর মাধ্যমে তিনি বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা প্রথম খেলোয়াড় হিসেবে বাণিজ্যিক গান প্রকাশের নজির গড়েছেন।

প্রায় ২ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানে আফ্রোবিটস, রেগেটন ও অ্যামাপিয়ানো ধারার মিশ্রণ রয়েছে। এতে তার জন্মস্থান গিনি-বিসাউ, স্পেনে বেড়ে ওঠা এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গীত প্রভাবের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ফাতি জানান, ২০২০ সালে গুরুতর হাঁটুর ইনজুরির সময় পুনর্বাসনকালেই তিনি গান লেখার প্রতি আগ্রহী হন। পরে এএস মোনাকোয় সময় কাটানোর সময় নিয়মিত স্টুডিওতে কাজ করে সংগীতচর্চাকে এগিয়ে নেন।

নিজের নতুন উদ্যোগ নিয়ে তিনি বলেন, ‘অনেকেই মনে করেন তারা আমার গল্প জানেন, কারণ তারা আমাকে গোল করতে দেখেছেন। কিন্তু এই গান আমার জীবনের অন্য একটি দিক তুলে ধরেছে।’

এদিকে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, এএস মোনাকো তাকে স্থায়ীভাবে দলে রাখতে যাচ্ছে এবং শিগগিরই বার্সেলোনার সঙ্গে তার চুক্তি চূড়ান্তভাবে শেষ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here