বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর চিঠি

0
বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর চিঠি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবার-সংশ্লিষ্ট নামের সাদৃশ্য থাকায় বগুড়ার নবগঠিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ফোন দিয়ে নবগঠিত মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করার জন্য নির্দেশনা দেন। এরপর শনিবার (২০ জুন) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে চিঠি এসেছে।

চিঠিতে সীমান্ত, দিগন্ত ও মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করতে বলা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের মতামত নিয়ে এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনঃ গণশুনানি করতে উল্লেখ করা হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বগুড়া জেলা প্রশাসন কাজ শুরু করেছে। 

জেলা প্রশাসক আরও জানান, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ি ইউনিয়ন এবং নবগঠিত মোকামতলা উপজেলায় সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন ও স্বর্ণগ্রাম ইউনিয়ন নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। নামগুলো প্রতিমন্ত্রীর পারিবারিক উপাধি ও তার দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় নানা আলোচনার সৃষ্টি হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here